পাবনার চাটমোহরে সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ১৫৭তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলার হরিপুরে এ সাহিত্যিকের পৈত্রিক ভিটায় জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ।
অনুষ্ঠানমালায় র্যালি, কেক কাটা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, প্রমথ চৌধুরীর জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে হরিপুর দূর্গাদাস স্কুল অ্যান্ড কলেজ ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজনের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হরিপুর বাজার ও আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় গিয়ে শেষ হয়। পরে কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়।
স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: খলিলুর রহমান, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: কফিল উদ্দিন, ছাইকোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, সহকারী অধ্যাপক বজলুর রহমান, ডা: এস এম আতিকুল আলম, মো: শাহজাহান আলী, পরিষদের সাধারণ সম্পাদক নবীন চন্দ্র পাল, সিনিয়র সহ-সভাপতি আ: মমিন সরকার প্রমুখ।