যশোরে ককটেল বিস্ফোরণে খাদিজা নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুই শিশু।

সোমবার দুপুরে সকালে যশোর শহরের শংকরপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মরহুম সুজনের মেয়ে।

পরিবারের লোকজন জানায়, সকাল ৮টার দিকে স্থানীয় ছোটনের মোড়ের পাশের খেলার মাঠে পড়ে থাকা একটি ককটেলকে টেনিস বল ভেবে কুড়িয়ে আনে খাদিজা। পরে ওই সেটি নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় খাদিজা, ছয় বছরের সজিব ও তিন বছরের আয়েশা। দ্রুত তিনজনকেই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজার মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় যাওয়ার পথেই মৃত্যু হয় শিশুটির।

খাদিজার মৃত্যুর খবর নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, ‘গুরুতর আহত শিশুটিকে ঢাকায় নেয়ার পথে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরো জানান, মাঠে ককটেলটি কিভাবে এলো তা খুঁজে বের করতে আশপাশের সিসিটিভির ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।