নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ নাছির উদ্দিন টিটু (৪৩) নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়। এর আগে, বুধবার (১৬ এপ্রিল) রাতে আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে চোলাই মদসহ আটক করা হয়। পরে তাকে মারধর করে পুলিশে হস্তান্তর করা হয়।

নাছির উদ্দিন টিটু অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয়রা জানায়, বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করে এলাকাবাসী। পরে মারধর করে পুলিশে হস্তান্তর করে। গত ৫ আগস্টের পর টিটু মেম্বার আত্মগোপনে চলে যান। ঘটনার দিন অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন আইয়ুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যুবলীগ নেতা টিটু মেম্বারকে স্থানীয় কিছু লোকজন চোলাই মদসহ আটক করে বলে দাবি করে। পরে তাকে ওই চোলাই মদসহ পুলিশে হস্তান্তর করে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে টিটু এলাকায় মাদক রাজ্যের গডফাদার ছিল। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও কিশোর গ্যাং সদস্যের মদদের অভিযোগ রয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে। স্থানীয়রা টিটুকে চার থেকে পাঁচ লিটার চোলাই মদসহ আটক করে।