কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পাহাড়ি এলাকা নুরের ডেইলে ডাকাত দলের গুলিতে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মোহাম্মদ ইসহাকের ছেলে বাবুল (৪০)। আহত হয়েছেন বাবুলের আরেক ভাই, যিনি বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরের ডেইল পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত হঠাৎ হামলা চালায়। গুলি ছোঁড়া হয় টার্গেট করে। বাবুল ও তার ভাই দুইজনেই গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাবুলের মৃত্যু হয়। আহত ভাইকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ডাকাত দলটি আগেও পাহাড়ি অঞ্চলে ত্রাস সৃষ্টি করেছে। অনেক সময় অপহরণ, মুক্তিপণ এবং চাঁদাবাজির মতো ঘটনাও ঘটেছে এই এলাকাজুড়ে।

উখিয়া থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা যায়নি। তবে, অভিযুক্তদের শনাক্তে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

সম্প্রতি উখিয়া-টেকনাফ সীমান্ত জুড়ে চুরি, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধের হার বেড়েছে। বিশেষ করে পাহাড়ি জনপদ ও রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করছেন, পাহাড়ে থাকা কিছু অস্ত্রধারী গোষ্ঠী ও অপরাধচক্র রোহিঙ্গাদের ব্যবহার করে অপহরণ ও ডাকাতিতে লিপ্ত হচ্ছে। প্রশাসনের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি না থাকায় এসব সন্ত্রাসী দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।

নিহতের পরিবার এবং এলাকাবাসী এই ঘটনায় জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে তারা পাহাড়ি এলাকায় রাতভর টহল ও নিয়মিত অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন।