ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (২১ জুন) দিবাগত রাত ১২টার দিকে ফুলপুর থানার এসআই মুকুল সরকার সড়ক পরিবহন আইনে মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন- ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকার বাসিন্দা বাসচালক মো: রিপন (৪০) ও ফুলপুর উপজেলার বাশাটি গ্রামের ট্রাক্টরচালক মো: রতনকে (২৫)। এছাড়া অজ্ঞাত পরিচয় আরো দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ফুলপুরের কাজিয়াকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কয়েকজনসহ মোট আটজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ নেয়ার আবেদন করলে তা হস্তান্তর করা হয়। মামলার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।