মুছাপুর ক্লোজার প্রজেক্ট দ্রুত পুনঃনির্মাণ, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপদ পুনর্বাসন এবং সোনাগাজীর টেকসই উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে সোনাগাজী সমিতি।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক এবং যৌথভাবে সঞ্চালনা করেন নুরুল আবছার তৌহিদ ও আবু আহম্মদ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন।

এ ছাড়া বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবদুল ওয়াহাব, কাজী এম এ হান্নান জিলানী, সৈয়দ রবিউল হক শিমুল, মো: সাইফুল আলম, জাকিয়া সুলতানা, জসিমউদ্দীন, তাহের আহম্মদ, দেলোয়ার হোসেন মিয়াজী, গিয়াসউদ্দিন, হারুনুর রশীদ, রিয়াজ মোহাম্মদ মতিউর রহমান, মো: মেজবাহ, জহিরুল ইসলাম, আব্দুস সোবহানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ আগস্ট ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুছাপুর ক্লোজার ভেঙে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়। এর ফলে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তারা জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতি-ভিত্তিক সমাধান- যেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ ও ইকো-ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে ক্লোজার প্রজেক্টটি পুনঃনির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধ এখন সময়ের দাবি।

মানববন্ধন থেকে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়- প্রধান উপদেষ্টা ও পানিসম্পদ উপদেষ্টার কাছে অনুরোধ, তারা যেন দ্রুত কার্যকর, দীর্ঘস্থায়ী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করে সোনাগাজীর মাটি ও মানুষের দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘব করেন।