ফিলিস্তিনের গাজায় ইসরাইলির চলমান হামলা ও গণহত্যায় হতাহত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে গাজায় যেতে চান সিলেটের ১০০ নার্স। ইতোমধ্যে সিলেট বিভাগ থেকে দেশের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের নার্স ও নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ৯৬ জনের একটি টিম তৈরি করা হয়েছে। তারা স্বেচ্ছায় এবং বিনামূল্যে এ সেবা দিতে চান বলে জানিয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুবের কাছে এ নিয়ে প্রধান উপদেষ্টাসহ ছয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপি প্রদান শেষে নার্সিং শিক্ষার্থীরা জানান, আমরা সিলেট বিভাগ থেকে ১০০ জনের শিক্ষার্থী ও নার্সের একটি টিম গঠন করে গাজায় যেতে চাই। গঠিত এ টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। যেহেতু আমরা মেডিক্যাল সেবা সংশ্লিষ্ট তাই গাজায় যারা আহত হয়েছেন তাদের আমরা সেবা দিতে পারব। এখন সরকারের সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ ছয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি।
স্মারকলিপিতে গাজায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারা।