সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বাজারের কাছে কুশিয়ারা নদীতে বজ্রপাতে জিলান মিয়া (৩৫) নামে এক নৌকাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিলান মিয়া উপজেলার বাঘমারা পশ্চিমপাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে বলে জানা গেছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘প্রতিদিনের মতো মঙ্গলবারও নদীতে নৌকা চালাতে বের হন জিলান মিয়া। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, দেশের মধ্যাঞ্চল জুড়ে কালবৈশাখী মেঘের অবস্থান রয়েছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লা অঞ্চলে বজ্রমেঘ সক্রিয় রয়েছে। ফলে পরবর্তী ৪-৫ দিন বজ্রপাতের ঝুঁকি থাকবে। কৃষকদের এ সময় মাঠে নামা থেকে বিরত থাকার পরামর্শ রইলো।