নাটোরের সিংড়ায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শ্রী গৌতম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া-টু-শহরবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শ্রী গৌতম উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়চৌগ্রাম বৈরাগীপাড়ার পরলোকগত গিরেন চন্দ্র মহন্তের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে ১৩ বছর বয়সী ৬ষ্ঠ শ্রেণির এক মেয়ে শিক্ষার্থী বাড়ি ফিরছিলেন। বালুয়া বাসুয়া পাকা রাস্তায় বাড়ির প্রবেশ মুখে ভুক্তভোগী শিক্ষার্থীকে অভিযুক্ত যুবক গৌতম শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ওই যুবককে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় মেয়েটির পরিবারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।