মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করায় বিএনপির এক গ্রুপের ওপর অপর গ্রুপের হামলার অভিযোগ উঠেছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কাজলপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কুকুটিয়া ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক দলটির ইউনিয়ন সহ-সভাপতি ও কৃষক দলের সহ-সভাপতিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক অহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলাকায় মাদক বিস্তারের প্রতিবাদে লেখালেখি করেন। এ নিয়ে কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: কামাল ও কৃষক দলের সহ-সভাপতি নূর ইসলাম ক্ষিপ্ত হয় ওঠেন। এর জেরে তাদের নেতৃত্বে বুধবার রাতে কাজলপুর নতুন মসজিদের সামনে মো: জামাল, আরিফ, ফারুকসহ বেশ কয়েকজন মিলে অহিদুল ও রবিউলের ওপর হামলা করেন।

তাদের উদ্ধার করতে এলে হামলাকারীদের হাতে লাঞ্চিত হয় ওই এলাকার হাবিব মোল্লা, রফিকুল মোল্লা ও ফারুক মোল্লা। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কুকুটিয়া ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক অহিদুল ইসলাম বলেন, তিনি মাদকের বিরুদ্ধে লেখালেখি করলেও কারো নাম উল্লেখ করেননি।

বিএনপি নেতা কামাল শেখের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অহিদুলের সাথে আমার কিছু হয়নি। নূর ইসলামের বিষয়ে মিথ্যা প্রচার করার কারণে ঝামেলা হয়েছে।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে কৃষকদল নেতা নূর ইসলাম ফোন ধরেননি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর রিপন আহমেদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।