উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির সদস্যরা।
আজ শনিবার ভোরে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের জামালের ঘের এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। এদিন সকাল ৬টা ১০ মিনিটে এক ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে আসতে দেখে তাকে চ্যালেঞ্জ করা হয়। পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে।
আটক যুবক কুতুপালং এফডিএমএন ক্যাম্প-০৮ (ইস্ট), ব্লক-বি/৭৪-এর বাসিন্দা মো: শহিদ (১৯), পিতা হোসেন আহম্মেদ। তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদক পাচারের প্রবণতা দিন দিন বাড়ছে, যা সীমান্ত নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক সহায়তাকারী সংস্থাগুলোরও সমন্বিত কার্যক্রম জরুরি হয়ে পড়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আটক শহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেয়া হয়েছে।