মুহাম্মদ হানিফ ভুঁইয়া,নোয়াখালী অফিস

নোয়াখালীর সদর উপজেলায় স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নে দেবীপুর গ্রামের ফিরিঙ্গি পোল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন আলো ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্লা বাহার হিরনের বাড়িতে দাওয়াত খেতে যান। পরে জাকির জেলা শহর মাইজদী থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর ফিরিঙ্গি পোল এলাকায় পৌঁছলে সড়কে যানজট নিয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকের সাথে জাকিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবলীগ-নেতাকর্মীরা জাকিরকে মারধর করে রাস্তার পাশে ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে বিএনপি-কর্মীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ দিকে স্থানীয় লোকজন গুরুতর আহত জাকিরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।