ঢাকার সাভারে পুলিশ ক্যাম্প থেকে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ দৈনিক নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সাভার মডেল থানা ও ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ও খায়রুল আলম এবং কনস্টেবল তোফায়েল।

জানা গেছে, গত রোববার সকালে ছাত্র হত্যা মামলার আসামি আশাব উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসা হলে দুপুরে গ্রেফতার আশাব পুলিশকে ফাঁকি দিয়ে দৌঁড়ে পুলিশ ক্যাম্প থেকে পালিয়ে যান। এ ঘটনার পর সোমবার পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়।

সাভার মডেল থানা ও ভাকুর্তা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, প্রত্যাহারদের বিরুদ্ধে আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠায় তাদের প্রত্যাহার করা হয়। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।