চট্টগ্রামের আনোয়ারায় ফুটবল খেলার সময় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের কেপিজেড পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।

পাহাড় ধসে মারা যাওয়া রোহান (১২) বৈরাগ এলাকার মো: আব্দুর রহিমের ছেলে ও মিসবাহ (১৩) ইমরান হোসেনের ছেলে।

আহতরা হলো মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) ও আবুল কাশেমের ছেলে সিফাত (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৈরাগ এলাকার কেপিজেড পাহাড়ের একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলার সময় পাহাড় ধসে বেশ-কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ে ধসে আহত হওয়া কয়েকটি শিশুকে হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে দুই শিশুর মৃত্যু হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়।

স্থানীয়রা দাবি করছেন, কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) দিনের পর দিন পাহাড় কাটায় আজ ছেলেরা খেলতে গেলে পাহাড় ধসে পড়ে।

তবে যে স্থানে দুর্ঘটনা ঘটেছে ওই জায়গায় পাহাড় কাটেনি বলে দাবি করছেন কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো: মুশফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি দুর্ঘটনার স্থানে পাহাড় কাটা হয়নি।’

দুর্ঘটনার সাথে কেপিজেডকে দায়ী না করার অনুরোধ তার।