ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় দু’ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ হাওলাদার (৩৩) নামে এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ হাওলাদার শরিয়তপুর জেলার জাজিরা পৌরসভার আক্কেল মাহমুদ আকন কান্দি গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে একটি মোটরসাইকেল মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কেয়টখালী সেতু-সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষের দু’ মোটরসাইকেলচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। অপর আহত জসিমউদদীন (৩২) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।