মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় মো: ইয়াকুব আলী (৭৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আজগর আলী দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, ইয়াকুব আলী মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বেপরোয়া গতির সেলফি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।