সুনামগঞ্জে এক মাসের ভাড়া দিতে তিন দিন বিলম্ব হওয়ায় বাসার মালিক ভাড়াটিয়াদের ঘরের ভেতর রেখেই বাহিরে তালা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বাড়ির মালিক ইউসুফ চৌধুরী জানান, এক বছর আগেই ভাড়াটিয়াদের ঘর ছাড়ার নোটিশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে ঘরে তালা লাগিয়ে চলে যান মালিক। এতে ঘরের ভেতর আটকা পড়ে ভাড়াটিয়ারা।
ঘরে আটকে থাকা শিক্ষার্থী ইমন বর্মন বলেন, ‘বাসা ভাড়ার মাস পেরিয়ে তিন দিন অতিক্রম হলে বাসার মালিক আমি, আমার অসুস্থ মা, স্ত্রীসহ পরিবারের সবাইকে ঘরের ভেতরে রেখেই তালা লাগিয়ে দিয়ে চলে যান। পরবর্তীতে আশপাশের লোকজনকে জানালা দিয়ে ডাকতে শুরু করি। তারা এসে আমাদের এই অবস্থা দেখে স্থানীয় থানায় পুলিশকে খবর দেয় এবং কয়েক ঘণ্টা তালাবদ্ধ ঘরে থাকার পর আমাদের পুলিশ উদ্ধার করে।’
এ বিষয়ে প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ‘এমন ন্যাক্কারজনক ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমরা তার ধিক্কার জানাই। সামান্য টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে কিভাবে। ঘরে আটকে থাকা তাদের যদি কোনো ধরনের অঘটন ঘটে যেত, তাহলে এর দায়বার কে নিতো?’
পার্শ্ববর্তী ভাড়াটিয়া স্বপন চন্দ্র বলেন, ‘ঘরে আটকে থাকা তাদের চেচামেচি শুনে আমরা এসে দেখি বাইরে তালা লাগানো। মানুষের সমস্যা হতেই পারে, মাত্র তিন দিন হয়েছে মাস পেরিয়েছে। এর জন্য এমন আচরণ আমরা মেনে নিতে পারছি না, আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
বাসার মালিক ইউসুফ চৌধুরী বলেন, ‘সময় মতো কারেন্ট বিল ও গ্যাস বিলের টাকা পরিশোধ করতে হয়। এছাড়াও তাদেরকে আমি এক বছর আগে নোটিশ দিয়েছি, তারা এখনো আমার বাসা ছেড়ে যাচ্ছে না।’
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, রায়পাড়ায় এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সাথে নিয়ে বাসার মালিকে ফোন করে চাবি এনে তাদের উদ্ধার করে।