শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘হাজার শহীদ পরিবারের পক্ষ থেকে বলছি আমার মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে, ফ্যাসিবাদের বিদায় করতে। আহত, চোখ হারা, হাত-পা হারাদের অঙ্গহানির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। এমন নির্বাচনের জন্য আমাদের সন্তানরা জীবন দেয়নি। হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতরা এখনো সুচিকিৎসা পায়নি। তাহলে এর আগে কিসের নির্বাচন? আগে খুনিদের, গুমকারীদের বিচার হতে হবে।’
সোমবার (২৪ মার্চ) বিকেলে ‘বীরোচিত উত্তরায় জুলাই যোদ্ধা, আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানে’ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলের আয়োজন করে ‘আমার ঢাকা ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ আশরাফুল হকের ব্যবস্থাপনায় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার থেকে স্মৃতিচারণ করেন স্বজনরা।
এ সময় বক্তব্য রাখেন শহীদ জসিম উদ্দিনের মামা নাসির উদ্দীন, সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের বাবা মো: কবীর হোসেন, শহীদ নাঈমা সুলতানার মা আইনুন নাহার, শহীদ রবিউল ইসলামের চাচা আহম্মদ সাঈদ, শহীদ সামিউ আমান নুরের বাবা মো: আমান উল্লাহ, শহীদ মো: সানজিদ হোসেন মৃধার বাবা মো: কবির হোসেন মৃধা।
এদিকে ইফতার মহফিলে গুরুতর আহত ও আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান রেজা, ইকবাল হাসান, সাগর হাওলাদার, রবিন চৌধুরী, তানজিল রেজোয়ান, ওমর ইমু, মেহেদী আব্দুল্লাহ শাফি, শহীদ মোহাম্মদ আকাশ ব্যাপারির মেয়ে কণা আক্তার, শহীদ তাজুল ইসলামের মেয়ে জামাই মামুন।
এছাড়া গুরতর আহত শাহ মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলী, তোজাম্মেল হক সোহাগ, ইখতিয়ার উদ্দিন সরকার, হাফেজ মাওলানা আমিনুল হক, গুলিবিদ্ধ মো: আল আমিন, এস এম আরিফুল ইসলাম, মো: আলী আকবর, তুষার প্রামানিক, এ কে এম ওবায়দুল হক, শাহরিয়ার মান্নান আরিফ, শহীদ ফরহাদ মিয়ার ছেলে সামিদ, শহীদ মনির হোসেনের বড় বোন সানজীদা, শহীদ আব্দুন নুরের বাবা আবুল বাসার, শহীদ জসিম উদ্দিনের বড় ভাই নুরুল ইসলাম, শহীদ জাহিদুজ্জামান তানভীনের মা বিলকিছ জামাল, শহীদ আকাশ ব্যাপারীর বাবা আজিজ ব্যাপারী, আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবু মুসা ও ছাত্রনেতা মাহমুদ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আমার ঢাকা ফাউন্ডেশনের সদস্য সচিব একাধিকবার গুমের শিকার অধ্যাপক মো: কবীর উদ্দিন মিঠু। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠক শাহিদুর রহমান মোল্লা, কামরুল আহসান, আব্দুল্লাহ রেজা, আহসান হাবীব প্রমুখ।
মাহফিলে অর্ধশত শহীদ পরিবারের সদস্য, প্রায় এক হাজার আহত, পঙ্গু ও জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।