নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের দায়ে জাহেদ হাসান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এরপর তাকে চট্রগ্রামের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার বিকেলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খোরশিদ আলম বলেন, আসামিকে র‌্যাব হাটহাজারী থানায় সোপর্দ করেছে। হাতিয়া থানার পুলিশ তাকে নিয়ে আসার জন্য পথে আছে।

শনিবার (২৮ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির ভক্তপুর ইউনিয়নের সাঁকোতলা বাজারে যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে র‌্যাব-১১ ও র‌্যাব-৭।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার জাহেদ হাসান (৩৭) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরফকির গ্রামের জাহেদের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। তিন সন্তানের জনক জাহেদ ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী।

গত ৬ জানুয়ারি সকাল ৭টার দিকে ভিকটিমেরর বসতবাড়ির সাথে ধান শুকানোর মাঠে যান জাহেদ। ওই সময় তিনি ঘন কুয়াশার মধ্যে কিশোরীর মুখে চেতনানাশক স্প্রে করে অপহরণ করে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় গোলাইপ্পার দোকানের পেছনে নিয়ে যান। সেখানে আটকে রেখে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করেন। ভিকটিম আসামিকে ধর্ষণে বাধা দিলে আসামি ধারালো ছুরি দিয়ে তার ডান হাতের কনুইয়ে জখম করেন। এভাবে ভয়ভীতি দেখিয়ে মাসের পর মাস ধর্ষণ করতে থাকেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামি কিশোরীকে নদীতে এবং ট্রেনের নিচে ফেলে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘদিন ধর্ষণের ফলে ভিকটিম ৩ মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভজাত সন্তান নষ্ট ও হত্যা করেন জাহেদ। গত ১৮ জুন দুপুর ১টার দিকে ভুক্তভোগীকে তার বাড়ির কাছে ফেলে রেখে যান আসামি।

র‌্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ঘটনার পরপরই ভিকটিমের মা-বাবা হাতিয়া থানার সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আদালতে মামলা দায়ের করেন। আদালতের আদেশে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা রুজু করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্রগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খোরশেদ আলম বলেন, আসামীকে র‌্যার হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে। হাতিয়ার থানার পুলিশ তাকে নিয়ে নিয়ে আসার জন্য পথে রয়েছে। পরে তাকে কোটে সোপর্দ করা হবে।