বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘আগামী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। সমাজকে করতে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে।’

বুধবার (২ এপ্রিল) দুপুরে নাটোরের লালপুরে ‘সাবেক ভাইদের’ নিয়ে ইসলামী ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর ইসলামী আন্দোলনের জন্য অবারিত সুযোগ তৈরি হয়েছে। যদি এই সময়কে কাজে লাগাতে না পারি ইতিহাস আমাদের ছেড়ে দেবে না। আমাদের সকল কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ছাত্রশিবির জালিম হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন উপেক্ষা করে ২৪-এর অভ্যুত্থান সফল করতে সক্ষম হয়েছে। এ জন্য এই সংগঠনকে এগিয়ে নিতে সাবেকদের সহযোগিতা করার আহ্বান জানাই।’

উপজেলা পূর্ব শাখা শিবির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পশ্চিম শাখা সভাপতি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নাটোর -১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি, জেলা সেক্রেটারি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা।

সমাবেশে বর্তমান-সাবেক জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা স্মৃতিচারণ করেন এবং সংগঠনকে সংগঠিত করার উদাত্ত আহ্বান জানান।