ব্যবসায়ীদের আপত্তির মুখে অবশেষে সিলেটে প্রাক-বাজেট আলোচনা সভাটি বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
সোমবার (৭ এপ্রিল) সিলেট চেম্বারের সচিব গোলাম আখতার ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ এপ্রিল হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিতব্য ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভাটি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।
এর আগে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এনবিআরের যৌথ উদ্যোগে ২০২৫-২৬ অর্থ-বছরের প্রাক-বাজেট সংক্রান্ত বিভাগীয় আলোচনা সভার স্থান স্টার প্যাসিফিক থেকে স্থানান্তর দাবি জানান সিলেটের ব্যবসায়ী নেতারা। একই সাথে সভায় দুর্নীতিবাজ বিতর্কিত ব্যক্তিকে অংশগ্রহণ থেকে বিরত রাখার আহ্বান জানান তারা।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে লিখিত আবেদনে ব্যবসায়ী নেতারা বলেন, ‘আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এনবিআরের যৌথ উদ্যোগে ২০২৫-২৬ অর্থ-বছরের প্রাক-বাজেট সংক্রান্ত বিভাগীয় আলোচনা সভা হোটেল স্টার প্যাসিফিক সিলেটে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, সিলেট চেম্বারের পরিচালনা পরিষদ বাতিলক্রমে প্রশাসক নিয়োগের আদেশ জারির পরও তা আমলে না নিয়ে অবৈধভাবে চেম্বারের দখলে থাকা পরিষদ এই সভা আয়োজন করতে যাচ্ছেন।’
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, সিলেট চেম্বারের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস মানি লন্ডারিংয়ের অভিযোগে অভিযুক্ত একজন বিতর্কিত ব্যবসায়ী। তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো তদন্তনাধীন রয়েছে। এছাড়া তিনি বাজেট সংক্রান্ত আলোচনা সভাটি তার ব্যক্তিগত মালিকানাধীন হোটেল স্টার প্যাসিফিকে আয়োজন করতে যাচ্ছেন। একজন অভিযুক্ত, অবৈধ ও বিতর্কিত ব্যক্তির তত্ত্বাবধানে তার মালিকানাধীন হোটেলে একটি জাতীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলে সেখানে সিলেটের প্রকৃত ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন না এবং এ আলোচনা সভা কোনোভাবেই ফলপ্রসু হবে না বলে আমরা মনে করি।
তাই মন্ত্রণালয় থেকে নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতার তত্ত্বাবধানে অন্য একটি ভেন্যুতে ওই আলোচনা সভা আয়োজন করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
আবেদনে স্বাক্ষর করেন- সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী, সিলেট জেলা দোকান মালিক সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন ও ব্যবসায়ী মো: গোলাম কিবরিয়া।
অবশেষে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে আলোচনা সভাটি বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড।