চট্টগ্রাম-১ মিরসরাই আসনের এমপি নুরুল আমিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, রাস্তার পাশে থাকা অপ্রয়োজনীয় ঝোঁপঝাড় ও আগাছা পরিষ্কার করলে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি পথচারীদের চলাচলও হবে নিরাপদ।

রোববার সকালে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বারইয়ারহাট পৌরসভাকে পরিচ্ছন্নতা ও সবুজায়নের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জানা গেছে, পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন এবং সবুজে আচ্ছাদিত মডেল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাস্তার দু’পাশের ঝোঁপঝাড় পরিষ্কার ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌরসভার সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে রাস্তার দুই ধারে বেড়ে ওঠা ঝোঁপঝাড়ের কারণে চলাচলে বিঘ্ন ঘটত। পরিচ্ছন্নতা অভিযানের ফলে তা নিরসন হবে এবং নতুন রোপণ করা চারাগাছ বড় হলে পুরো পৌর এলাকা এক মনোরম সবুজ অভয়ারণ্যে পরিণত হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বারইয়ারহাটের এই উদ্যোগ দেশজুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।