গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে গাজীপুরা স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড নামক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষকারী দুই পক্ষের এক পক্ষের নেতৃত্বে ছিলেন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা হালিম মোল্লা এবং অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন হুমায়ন কাজী নামে আরেক প্রভাবশালী রাজনৈতিক নেতা। উভয় পক্ষই মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়েছিল।
এ বিষয়ে হুমায়ুন কাজী জানান, তার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজ গত ১০ আগস্ট থেকে চুক্তি অনুযায়ী স্যাটার্ণ কারখানার ওয়েস্টেজ মালামাল সংগ্রহ করে আসছে। আজ শনিবার দুপুরে কারখানা কর্তৃপক্ষের সাথে মালামাল সংগ্রহের ব্যাপারে কথা বলতে গেলে হালিম মোল্লার অনুসারীরা আক্রমণ করে। তাদের মধ্যে ছিলেন স্থানীয় মাদককারবারি আল-মামুন, কাজী মামুন, জসিম উদ্দিন, তুহিন, আদনান, ইয়াজউদ্দিন পিন্টু, ফরহাদ, রমজান আলী বাবু, জুয়েল, জামিলসহ প্রায় ১০০ থেকে ১৫০ জন ককটেল বিস্ফোরণ করে এবং গালমন্দ করে। এতে হুমায়ুন কাজীর অনুসারীরা প্রতিরোধ করে। তাদের মধ্যে সংঘর্ষে ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ হয়।
এ বিষয়ে হালিম মোল্লার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।