ফেনী সরকারি কলেজের চার শিক্ষককে শাস্তিমূলক বদলির আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৪ আগস্ট) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট চার শিক্ষকের বদলি/পদায়নের অংশটি বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার জানান, রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশের কপি কলেজে পৌঁছায়।

বদলি আদেশ বাতিল হওয়া শিক্ষকরা হলেন- দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হানিফ মিয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহমদ আলী, অর্থনীতি বিভাগের প্রভাষক ইশতিয়াক উদ্দিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মনজুরুল হাসান।

এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে চার শিক্ষককে শাস্তিমূলক বদলির আদেশ দেয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রোববার দুপুরে কলেজ আঙ্গিনায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং পরে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।