মাদারীপুরের শিবচরে প্রতিপক্ষের হামলায় নুর ইসলাম উকিল (৫০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের হাট সংলগ্ন ব্রিজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নুর ইসলাম উকিল জানান, একই দিন ভোর সাড়ে ৩টার দিকে প্রতিপক্ষরা তার ইট-বালুর গদিতে থাকা টিনের ঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে ঘর, ব্যবসার খাতা ও প্রায় ২ লাখ ১৫ হাজার টাকার মালপত্র পুড়ে যায় বলে দাবি করেন তিনি। ঘটনার পর সকালে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে প্রথমে হুমকি দেয় এবং পরে রাতে তার ওপর হামলা চালায়।
নুর ইসলাম বলেন, ‘আমি মোটরসাইকেল নিয়ে ব্রিজ পার হচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে কয়েকজন এসে এলোপাতাড়ি ছুরিকাঘাতে কুপিয়ে জখম করে। আমি প্রাণ বাঁচাতে চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যায়।’
হামলাকারীরা হলেন- ওমর ফারুক চৌধুরীর ছেলে জুনায়েদ চৌধুরী (২৮), আক্কাছ মাতবরের ছেলে মিন্টু মাতবর (২৯), ইমদাদ মাতবর (৩৫) এবং রিন্টু মুন্সীর ছেলে মিরাজ মুন্সী (৩১)।
আহতের ছেলে মাসুদ উকিল বলেন, ‘আমার বাবার সাথে তাদের আগে থেকেই বিরোধ ছিল। এ নিয়ে তিনি থানায় জিডি করেছিলেন। সেই কারণেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যেই তারা হামলা করেছে। এখন আমরা পরিবারসহ ভয়ে আছি। প্রশাসনের কাছে একটাই দাবি- অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।’
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নুর ইসলাম উকিলকে হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়, তবে শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পশ্চিমী মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।’