গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, বিছনাকান্দি, সোনারহাট, শ্রীপুর ও সংগ্রাম এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় জিরা, গরু, মহিষ, চকলেট, কম্বল, রসুন, সুপারি, চা পাতা এবং অবৈধ বালু-পাথর বহনকারী বারকী নৌকা আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৮২ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। আটককৃত চোরাচালানি মালামালের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।