কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউপি সদস্য ওমর ফারুককে (৪২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে উপজেলার জাঙ্গালিয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ওমর ফারুক উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মরহুম আ: রশীদ জালালের ছেলে এবং জাঙ্গালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (দগদগা-জাংগালিয়া) ইউপি সদস্য ও উপজেলা বিএনপির সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওমর ফারুক সাবেক ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: তৌফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলে জাঙ্গালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে চেয়ারম্যানকে নামিয়ে দিয়ে তালতলা এলাকায় এলে হেলমেট পরিহিত তিন দুর্বৃত্ত তার পথ রোধ করে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম জানান, ‘দুর্বৃত্তরা হেলমেট পড়ে ওমর ফারুকের উপর হামলা চালিয়েছে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন জানান, ‘ওমর ফারুকের দলীয় কোনো কোন্দল ছিল না। তবে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ নিয়ে ইউপি সদস্য রুহুল আমিনের সাথে তার বিরোধ ছিল। এর জেরে এই হামলা হতে পারে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ওমর ফারুককে দেখতে যান। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।