কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর শাখার সদস্য ও নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (সাংগঠনিক থানা) সেক্রেটারি আব্দুল্লাহ বিন জহিরের (২৬) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুমিল্লা মেডিক্যাল সেন্টার টাওয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল্লাহ আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা এবং জহিরুল ইসলামের ছেলে।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি মাহাবুবুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ড. মোবারক হোসাইন, কেন্দ্রীয় মানবসম্পদ ও ব্যবস্থাপনা পরিচালক নোমান হোসেন নয়ন এবং কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি হাছান আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এক শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান বলেন, আব্দুল্লাহর মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছে। ইসলামী আন্দোলনের পথে তার অবদান ও স্মৃতি নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

পৃথক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, আব্দুল্লাহ বিন জহির ছিলেন একজন সৎ, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। ছাত্রসমাজের মাঝে ইসলামের আদর্শ পৌঁছে দিতে তার ত্যাগ ও অবদান সংগঠন চিরকাল স্মরণ রাখবে।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা লাশ নিয়ে গেছেন।