কিশোরগঞ্জের হোসেনপুরে কাঠাল গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৫০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল জলিল জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের মরহুম আব্দুল কাদিরের ছেলে। তিনি হাজীপুর বাজারের একটি মসজিদে ইমামতির পাশাপাশি একই বাজেরে তিনি ওষুদের ফার্মেসি চালাতেন।

আব্দুল জলিলের চাচাত ভাই বাপ্পী জানান, সোমবার সকালে আব্দুল জলিল নিজ বাড়ির পাশে নিজের ছাগলের জন্য কাঠাল পাতা সংগ্রহের জন্য গাছে উঠেছিলেন, এ সময় পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা পিজি হাসপাতালে পাঠানোর পথে পাশের উপজেলা পাকুন্দিয়া বাজারের কাছে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে নিকটস্থ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর-এ-আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল জলিলের মৃত্যু হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লাশের সুরতহাল করা হয়েছে। যেহেতু পাশের হোসেনপুর থানার ঘটনা এটি তাই আমরা হোসেনপুর থানাকে লাশটি নিয়ে যাওয়ার জন্য অবগত করেছি।