জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা দ্বিতীয় দফা কলমবিরতির তৃতীয় দিন চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলমবিরতির সাথে একত্বতা ঘোষণা করে বেনাপোল কাস্টমস হাউজে কলমবিরতি পালন করা হচ্ছে।

বুধবার (২৫ জুন) কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তৃতীয় দিনের মতো দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলমবিরতি পালিত হচ্ছে। তবে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শুল্কায়নের স্বাভাবিক কার্যক্রম চলমান ছিল বললে জানান কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার জানান, অন্য দিনের মতো বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে। স্বাভাবিক আছে বন্দরের লোড আনলোড প্রক্রিয়া।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন জানান, কাস্টমসের কলমবিরতির কারণে বেনাপোল কাস্টম সহজে শুল্কায়ন কার্যক্রম স্থবির রয়ে পড়েছে। আমদানি করা পণ্য বেনাপোল কাস্টম হাউস থেকে শুল্কায়ন করতে তিন থেকে চার দিন সময় লাগছে। আগে যেখানে এক দিনে পণ্য ডেলিভারি হতো এখন সেখানে তিন থেকে চার দিন লেগে যাচ্ছে ডেলিভারি করতে।

আমরা চাই, এর একটা সুষ্ঠু সমাধান করে বেনাপোল কাস্টমসা হাউসে শুল্কায়ন কার্যক্রমে গতিশীলতা ফিরে আসুক। কাস্টমসের কলম বিরতির কারণে সরকার প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান এ ব্যবসায়ী।

উল্লেখ্য, সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি কর্মসূচি পালন করেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। ২৫ মে রাতে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা শেষে ২৬ মে কলমবিরতির কর্মসূচি প্রত্যাহার করেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।