কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে রিজভী আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুন) রাতে উপজেলার নারান্দী বাজার সংলগ্ন নারান্দী-হোসেন্দী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রিজভী উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া পৌরসদর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া থেকে বাড়ি যাওয়ার পথে নারান্দী বাজার সংলগ্ন নারান্দী-হোসেন্দী সড়কে বিপরীত দিক থেকে ছেড়ে আসা গাছভর্তি একটি টমটমের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী রিজভী ও অনিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: মোবারক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।