ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে গণ-মিছিল করেছে বরিশাল সিটির সর্বস্তরের জনগণ।

রোববার (২০ এপ্রিল) নগরের অশ্বিনী কুমার হল থেকে শুরু হওয়া গণ-মিছিলটি ফজলুল হক এভিনিউ কোর্টের সামনে জমায়েত হয়। এ সময় কয়েক হাজার মানুষ এখানে অবস্থান নিয়ে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

গণ-মিছিলে সর্বস্তরের জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে একই দাবিতে মাঠে নেমেছে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠন। তাদের মতে শায়খে চরমোনাই মেয়র হলে বরিশালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত হবে।

গত ১৭ এপ্রিল মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আদালতে হাজির হয়ে ২০২৩ সালের জুন মাসে আয়োজিত সিটি করপোরেশন নির্বাচনের অনিয়মগুলো উল্লেখ করে সেই নির্বাচনের সঠিক ফলাফল ঘোষণা অর্থাৎ শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে নির্বাচনী ট্রাইবুনালে মামলা করেন। রোববার সে মামলার শুনানির দিন ধার্য থাকলেও আদালত ২৪ এপ্রিল মামলার শুনানির তারিখ পিছিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মামলার পর থেকে বরিশালের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবি জোরালো হচ্ছে। মাঠে নামছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পেশাজীবী বিভিন্ন সংগঠনও দাবি জানিয়ে আসছে। সরকারি বিএম কলেজ, বরিশাল-এর রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর লোকমান হাকিম এ গণ-মিছিলের নেতৃত্ব দেন।