আওয়ামী লীগ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘একসময় ঢাকা শিক্ষা বোর্ডের টপ টেনে থাকা গাজীপুরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজ আওয়ামী লীগ ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে যায়। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি হাসান উদ্দিন সরকারের প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। শক্ত হাতে দায়িত্ব নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষারমান পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে।’
সোমবার (২৪ মার্চ) বিকেলে সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, ‘পতিত আওয়ামী লীগের নেতারা শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডের সব টাকা লুটপাট করে খেয়ে গেছে। কারোর কিছু বলার সুযোগ ছিল না। তারা কোনো আইনকানুন মানতো না।’
এ সময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির নবগঠিত কমিটির সভাপতি ও হাসান উদ্দিন সরকারের কনিষ্ঠ ছেলে ডা: মুহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘বিগত দিনে অনেক অনিয়ম-দুর্নীতির কথা আমরা শুনেছি। তদন্তপূর্বক এসব অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘বিগত দিনে আপনাদের অনেকের ভেতর দলীয় মনোবৃত্তি কাজ করেছে। এখন থেকে দলীয় পোশাক খুলে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি প্রফেসর সোলেমান ভূইয়া, অধ্যাপক আব্দুল মোতালিব, মোস্তফা আমীর ফয়সাল, জিএম ফারুক, অ্যাডভোকেট এনামুল হুদা সরকার মনির, হারুনুর রশিদ, ফারহানা ইয়াসমিন প্রমুখ। এ সময় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা হাসিব বিন হারুন।