সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৪ মে) সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ওই ছয় জনকে হাজির হয়ে আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো: হেমায়েত উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সদস্য মো: ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ওরফে উকিল।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তারা।

জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিদের পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী।

গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সুনামগঞ্জ পৌর শহরে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।

এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের দুইজন সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।