গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচার ও গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় মানবাধিকার সংস্থা ‘অধিকার’র আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অধিকারের জেলা সমন্বয়ক নূর আফতাবুল রুপমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মাসুদ সুবর্ণ, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, নূরে আলম শাহ্, এম এ সামাদসহ সুশীল সমাজের ব্যক্তিরা।

বক্তারা বলেন, ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে গুমের মাধ্যমে অনেক পরিবারের সুখ কেড়ে নেয়া হয়েছে। কেউ কেউ স্বামী, বাবা, সন্তান হারিয়েছেন। এরকম অসংখ্য মানুষকে আয়নাঘরসহ নানাভাবে গুম করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করাসহ গুমের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।