জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে আজ থেকে আবার কলমবিরতি চলছে বেনাপোল কাস্টমস হাউজে।
আজ সোমবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতি পালন করছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা।
তবে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রয়েছে। স্বাভাবিক আছে বন্দরের লোড-আনলোড প্রক্রিয়া।
বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাস্টমস হাউজে আমদানি-রফতানি সংক্রান্ত কোনো শুল্কায়নের কাজ হচ্ছে না। দুপুর ১২টার পর থেকে পুনরায় কাজ চলবে।
উল্লেখ্য, সরকার গত ১২ মে এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে গত ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলমবিরতি কর্মসূচি পালন করেন এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা।
গত ২৫ মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এর ফলে ২৬ মে কলমবিরতির কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর।