ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে উপড়েপড়া গাছের নিচে চাপা পড়ে সজীব (২৩) ও সুরুজ মিয়া (৬০) নামে দুইজন মারা গেছেন।
রোববার (১১ মে) বিকেলে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এ ঘটনা ঘটে।
সজীব বাড়েরা গ্রামের আব্দুল মজিদের ছেলে ও সুরুজ মিয়া মরাকুড়ি গ্রামের মরহুম আফসার আলীর ছেলে।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সজীবের চাচা আজাদ জানান, ঘটনার সময় সজীব গরুর খাবারের জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এ সময় ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়। ঝড়ের কবলে গাছটি উপড়ে গেলে সেই গাছের নিচে সজীব চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যায়।
সুরুজের ভাতিজা রাসেল জানান, তিনি বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। ঝড়ের সময় হঠাৎ গাছের একটি ডাল তার মাথার ওপর এসে পড়লে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সরুজকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।