মদন (নেত্রকোনা) সংবাদদাতা
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদনে উপজেলা উলামা বিভাগের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী সা: উদযাপিত হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা আমির মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে জাহাঙ্গীরপুর তোহরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এই আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির মাওলানা অধ্যাপক সাদিক আহমেদ হারিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা শাখার উলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান) মাওলানা রহুল আমিন, উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান শামীম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসনাৎ, উপজেলা কর্ম পরিষদ সদস্য সাজেদুল হক সাজু, জাহাঙ্গীরপুর ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনঞ্জুরুল হক, পৌর আমির মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া, মদন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, উপজেলা সাবেক শিবিরের সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হামজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সা:-এর সুমহান আদর্শ ও সিরাত বা জীবনদর্শন অনুসরণই কেবল মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে। বর্তমান যান্ত্রিক ও সঙ্কটের বিশ্বে নবীজির উদারতা, ন্যায়পরায়ণতা এবং শান্তির বাণী প্রচারের বিকল্প নেই। তার জীবনের প্রতিটি পদক্ষেপে মানবতার কল্যাণ নিহিত রয়েছে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।