মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

আজ বুধবার দিনটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রংপুরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

এদিকে আজ ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির গর্জনে মুখরিত হয় রংপুর নগরী। এরপর রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মো: আব্দুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো: আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মো: রবিউল ফয়সাল, পুলিশ সুপার (এসপি) ফারহানা ইসলামসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেসক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), রংপুর রিপোর্টার্স ক্লাব, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন রংপুর জেলা ও মহানগর বিএনপি, জাসদ, বাসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

সকাল ৯টায় রংপুর জিলা স্কুল মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথকভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্তরের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির দাবি জানান। তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।