গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ বুধবার দুপুরে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয়। মাদরাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গীর বিভিন্ন স্থান ঘুরে এরশাদ নগরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

বক্তারা বলেন, গাজায় মুসলমানদের ওপর যে নির্যাতন চলছে তা বিশ্ব বিবেকের কাছে লজ্জাজনক। ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, `গাজায় মুসলমানদের রক্তে যে হোলি খেলা চলছে তা বিশ্ব বিবেকের জন্য লজ্জাজনক। এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।‘

ছাত্রসংসদের ভিপি ইকবাল কবির বলেন, `ইসরাইলের অবৈধ দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে আমরা চুপ থাকব না। শিক্ষার্থীরা জেগেছে, মানুষ জাগছে, ইনশাআল্লাহ বিজয় অবশ্যম্ভাবী।‘

সহকারী অধ্যাপক ইসহাক আলী বলেন, `ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক আদালতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার নিশ্চিত করতে হবে।‘

`ফিলিস্তিন চাই স্বাধীনতা, বয়কট ইসরাইল, বিশ্ব মুসলিম এক হও‘ ইত্যাদি স্লোগানে মিছিল ও সমাবেশ মুখরিত ছিল।