১০ বছর ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। পুরাতন অটো বিক্রির অর্থ ও এনজিও থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে নতুন অটো কিনেছিলেন তিনি। এখনো ১০ হাজার টাকার ৮টি কিস্তি বাকি। রোজগারের একমাত্র সম্বল সেই ইজিবাইকটি চুরি হয়ে গেছে। ঘটনাটি নাটোরের মুস্তাফিজুর রহমানের (৫০)।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জেলার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে ইজিবাইকটি রেখে মাগরিবের নামাজে যান তিনি। এসে দেখেন ইজিবাইকটি নেই। চারদিকে খোঁজাখুঁজির পরও ইজিবাইকটি না পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই ইজিবাইক চালক।

মুস্তাফিজুর রহমান নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘প্রায় দেড় বছর আগে পুরাতন অটো বিক্রির ৭০ হাজার এবং এনজিও থেকে ১ লাখ টাকা কিস্তি নিয়ে নতুন অটো কিনেছিলাম। মাসে ১০ হাজার টাকার ৪টি কিস্তি পরিশোধ করা হয়েছে। এখনো ৮টি কিস্তি বাকি। ইজিবাইকটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি।’

স্থানীয় মুসল্লি মিঠুন আলী ও জাহাঙ্গীর আলম বলেন, ‘হাসপাতাল চত্বরে প্রায় এই ধরনের চুরির ঘটনা ঘটছে। পাঁচ ওয়াক্ত নামাজি অসহায় এই চালকের উপার্জনের একমাত্র সম্বল ইজিবাইকটি উদ্ধারে পুলিশের সহায়তা কামনা করছি।’

এসময় তারা সমাজের বিত্তবান ও প্রশাসনের প্রতি হতদরিদ্র এই মানুষটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

এ বিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোমিনুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ইজিবাইকটি উদ্ধার করা সম্ভব হবে।’