শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনীর জয়নাল হাজারী কলেজকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিএনপি নেতাদের উপস্থিতিতে কলেজ গভর্নিং বডির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কলেজের অধ্যক্ষ মো: এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘শনিবার বেলা ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে গভর্নিং বডির ২২তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রফেসর এম.এ. খালেক। কলেজের অধ্যক্ষ মো: এনামুল হকের পরিচালনায় উপস্থিত গভর্নিং বডির সদস্যগণ ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ছাত্রদলের সভাপতি সালাউদ্দীন মামুন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে অত্র কলেজ ক্যম্পাসে সকল ছাত্র-ছাত্রী সকল প্রকার দলীয় রাজনীতি করতে পারবে না এবং এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে মর্মে সর্বম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।’

সম্প্রতি ছাত্রদল সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করলে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি দেন। এ নিয়ে টানটান উত্তেজনার মধ্যে কলেজটিকে রাজনীতিমুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হলো।