ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আজ রোববার সকালে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত হয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম।
স্থানীয়রা জানায়, তাকওয়া পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে জয়দেবপুর চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিল। পথে বাসটি সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে একটি অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। তার পরিচয় এখনো জানা যায়নি।
কোনাবাড়ী থানার মোবাইল ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অজয় দাস বলেন, আমরা একজনের লাশ পেয়েছি। এ ঘটনায় আর কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। গাজীপুর সদর হাসপাতাল ও স্থানীয় হাসপাতালগুলোতেও খোঁজ নিয়ে আর কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।