‘গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ভূমিকা’ রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মহানগরী আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

এর আগে একটি মিছিল নগরীর আলুপট্টি মোড় হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী বলেন, ‘মানবতার দুশমন ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরাইল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। তাদের মদদ দিচ্ছে মানবতার বুলি আওড়ানো জাতিসংঘ ও আমেরিকা।’

তিনি বলেন, ‘সেখানে নিরাপরাধ নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে তা চরম মানবধিকারের লঙ্ঘন। বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা করা বৈধ। আমরা দেখছি, মানবতার ধোঁয়া ওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু ওআইসি আজ নির্জীব। এই নির্জীব ওআইসি আমাদের প্রয়োজন নেই।’

তিনি বিশ্ব মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ ও বর্বরতা বন্ধের জন্য পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। অন্যথায় আপনাদের এই নিষ্ক্রিয়তা, অলসতা একদিন আপনাদের ঘাড়েও চেপে বসবে।’

দলটির নেতারা বলেন, ‘বিশ্ব মানবাধিকারের পক্ষে অনেকেই কথা বলেন, কিন্তু ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা হলে সবাই নিশ্চুপ থাকেন।’

জামায়াতের মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে মহানগরী ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, কর্মপরিষদ সদস্য অধ্যাপক এ কে এম সরোয়ার জাহান প্রিন্স, তৌহিদুর রহমান সুইট, আশরাফুল আলম ইমন, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, ডা: হাসানুজ্জামান, হাফেজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ দলের বিভিন্ন থানার আমির ও অন্য নেতারা।