পিরোজপুরের নাজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনার চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দু’জনকে খালাস দেয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও সেলিম শেখ (৪৬) এবং মো: জাহাঙ্গীর শেখ (৫১)। তবে মামলা চলাকালীন সময়ে হাতেম আলী শেখ মারা যান।
খালাসপ্রাপ্তরা হলেন- হাতেম আলী শেখের স্ত্রী সেফালি বেগম (৫৬) এবং জাহাঙ্গীর শেখের স্ত্রী হাসি বেগম (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হোগলাবুনিয়া গ্রামের বাদশা শেখ বাড়ি থেকে ধান নিয়ে অন্যত্র শুকানোর জন্য যাওয়ার পথে তার উপর হামলা করেন প্রতিপক্ষের ১৪-১৫ জন। এ সময় হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর জখম করেন। এছাড়া বাদশাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে বাধা দেন তারা। পরবর্তী সময়ে নাজিরপুর থানা পুলিশের সহায়তায় বাদশাকে স্বজনরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মারা যান বাদশা।
ঘটনায় নিহত বাদশার স্ত্রী আকলিমা বেগম ওই দিন ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ছয়জনকে অভিযুক্ত করে পরের বছর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে আদালত মামলা থেকে হাতেম আলীর স্ত্রী সেফালি বেগম ও জাহাঙ্গীরের স্ত্রী হাসি বেগমকে অব্যাহতি দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।