গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দিলারা বেগম (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার নাতনি হাবিবা আক্তার (১৪)।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাপা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কে বা কাহারা গভীর রাতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার নাতনি হাবিবা আক্তারকে (১৪) তুলে নেয়ার চেষ্টা করলে চিৎকার শুনে তার মা সাজনা বেগম এগিয়ে এলে দুর্বৃত্তরা হাবিবাকে ছুরি দিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম নাতনিকে আটকানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের চেষ্টা করলে ব্যর্থ হয়ে এ হামলা চালাতে পারে।
গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক অমিত সিং বলেন, ‘ ঘটনার খবর পেয়ে উপ-পরিদর্শক হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যালে পাঠান। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’