সিলেট শহরতলীর বাইশটিলা এলাকায় প্রস্তাবিত একটি বড় পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ে চীনের কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিলেট সিটি করপোরেশন। শোধানাগারটি দৈনিক পাঁচ কোটি লিটার পানি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হবে।

শুক্রবার (২৫ এপ্রিল) নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

এর আগে বৃহস্পতিবার ঢাকায় স্থানীয় সরকারের সচিব মো: রেজাউল মাকসুদ জাহেদীর উপস্থিতিতে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।

চুক্তিতে সিলেট সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং চীনের স্টিকোল কোম্পানির পক্ষে তাদের সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট গং চেনগিং স্বাক্ষর করেন।

এ সমঝোতা চুক্তির আওতায় চীনের কোম্পানি স্টিকোল করপোরেশন নিজ অর্থে বাইশটিলা মৌজায় প্রস্তাবিত পাঁচ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে বলে জানা গেছে।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার জানান, ‘বর্তমানে সিলেট নগরীতে পানির চাহিদার ৫০ শতাংশের কম পূরণ করা যায়। ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা মেটানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি বৃহৎ পানি শোধনাগার প্ল্যান্ট চালু করা প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকেই এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। চীন ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা রাখি।’