রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাড়ী পাকারমাথা এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আকলিমা আক্তার (৩৩) নিহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে আকলিমার দ্বিতীয় স্বামী মাসুদ পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আকলিমার মাথা ও দুই হাতে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা প্রথমে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকলিমা আক্তার নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা। তিনি পেশায় একজন শোরুমে কাপড় সাপ্লাইয়ের ব্যবসায়ী। বর্তমানে তিনি দক্ষিণখানেরদাগ নং ১২৬, দেওয়ানবাড়ী পাকারমাথা, নুরুল আহাদ জামে মসজিদের পাশে মোহাম্মদ শাহিন চৌধুরীর বাসার তৃতীয় তলায় বসবাস করতেন বলে জানা গেছে।
এসআই আনোয়ার হোসেন আরো জানান, স্বামী-স্ত্রীর ধস্তাধস্তির সময় মাসুদও আহত হন। তার দুই হাতে জখম হয়। তাকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়ার পর পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আকলিমার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।