ঈশ্বরদীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় কাটা পড়ে নানা বাবুল সরদার ও নাতি মুনতাহার (৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলরুটের বাঘইল দোতালা সাঁকোর ওপর এ দুর্ঘটনা ঘটে। মুনতাহা সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে বলে জানা গেছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, মুনতাহার মা সান্তনা খাতুনকে সাথে নিয়ে ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসেছিলেন। সন্ধ্যায় নানা বাবুল সরদার তাকে নিয়ে ট্রেন দেখানোর জন্য বাঘইল দোতালা সাঁকোর ওপরে ওঠেন। এ সময় একটি শান্টিং ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বাবুল সরদার। মুনতাহাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘নাতনিকে ট্রেন দেখাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। প্রাথমিকভাবে আমরা এমনটাই জানতে পেরেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’