রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত পরিদর্শক জানান, সাকিব আনজুম হত্যা মামলাটি তদন্ত করছেন মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ইব্রাহিম খলিল। আসামি রুবেলের তিন দিনের রিমান্ডের আবেদনও করেছিলেন তিনি। সোমবার সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক মো: মামুনুর রশিদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি ছুড়তে দেখা যায় রুবেলকে। সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। এ ঘটনায় তার বাবা হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন রুবেল। পরে গত বছরের সেপ্টেম্বরে যুবলীগ কর্মী রুবেলকে গ্রেফতার করা হয়।